লক্ষ্মীপুরে পৌঁছেই গায়েব প্রথম আলো!
লক্ষ্মীপুর শহরের গ্রাহকেরা গতকাল মঙ্গলবার প্রথম আলো খুঁজে পাননি। তবে জেলার অন্য উপজেলাগুলোতে পত্রিকা বিলি করা হয়েছে। গতকালের প্রথম আলোয় লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন নিয়ে একটি খবর ছিল। প্রথম পাতায় প্রকাশিত ওই খবরের শিরোনাম ছিল—তাহেরের ‘বিনয়ে’ ভীত ভোটারেরা! সন্ত্রাসের ‘গডফাদার’ হিসেবে পরিচিত আবু তাহের এবার লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী। স্থানীয় পাঠকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পৌর নির্বাচন ঘিরে আবু তাহেরের কর্মকাণ্ড নিয়ে করা ওই সংবাদের কারণে তাঁর লোকজন পত্রিকার এজেন্টের কাছ থেকে প্রথম আলোর সব কপি নিয়ে যায়। সকালে শহরের একাধিক পাঠক স্থানীয় রহমানিয়া প্রেস ও সংবাদ কুটিরে গিয়ে প্রথম আলো পাননি বলে জানান। একাধিক হকার নাম প্রকাশ না করার শর্তে জানান, এজেন্সি থেকে তাঁদের পত্রিকা দেওয়া হয়নি। এজেন্ট তাঁদের বলেছেন, প্রথম আলো ঢাকা থেকে আসেনি। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আবুল বাশার মো. জহুরুল ইসলাম বলেন, তিনি প্রথম আলোর নিয়মিত পাঠক। কিন্তু গতকাল হকার তাঁকে পত্রিকা দেননি। পুলিশ সুপার মো. নজরুল হোসেন বলেন, তিনিও প্রথম আলোর পাঠক, কিন্তু গতকাল পত্রিকা পাননি। পরে ইন্টারনেটে পত্রিকা পড়ে নিয়েছেন। লক্ষ্মীপুর ব্র্যাক অফিস, কোডেক, লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, জেলা পরিষদসহ বিভিন্ন অফিস-আদালত, ব্যাংক-বিমা, দোকানে কোথাও প্রথম আলো পাওয়া যায়নি। পত্রিকা না পেয়ে পাঠকের মনে প্রশ্ন দেখা দিয়েছে। আর পৌর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে আরও শঙ্কিত হয়ে পড়েছেন। জাতীয় পত্রিকার এজেন্ট রহমানিয়া প্রেসের মালিকের পক্ষে রাকিব প্রথম আলোর কাছে সকালে দাবি করেন, প্রথম আলো ঢাকা থেকে আসেনি। কিন্তু খোঁজখবর নিয়ে আধা ঘণ্টা পর আবার জানতে চাইলে রাকিব দাবি করেন, ‘হকারদের তিনি প্রথম আলো সরবরাহ করেছেন। কিন্তু হকাররা এ প্রতিনিধিকে জানিয়েছেন, এজেন্ট তাঁদের প্রথম আলো দেননি। বলেছেন পত্রিকা আসেনি। আরেক এজেন্ট সংবাদ কুটিরের স্বত্বাধিকারী নাজমুল হোসেনকে সারা দিন খুঁজেই পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তাঁকে ভয়ভীতি দেখিয়ে শহরে নামার সঙ্গে সঙ্গেই প্রথম আলোর বান্ডেল নিয়ে যাওয়া হয়েছে। বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী বলেন, প্রথম আলোতে মেয়র পদপ্রার্থী আবু তাহের সম্পর্কে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সত্য বলেই পত্রিকা গায়েব করে দেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয়, তাহের কত বড় সন্ত্রাসী। তাঁর ভয়ে লক্ষ্মীপুর পৌরবাসী এখন আতঙ্কিত। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেয়র পদপ্রার্থী আ ন ম ফজলুল করিম বলেন, প্রথম আলোয় প্রকাশিত সংবাদ মানুষ যাতে পড়তে না পারে সে জন্য তাহের বাহিনীর লোকেরা পত্রিকার বান্ডিল গায়েব করে নিয়ে গেছে। এটা প্রমাণ করে, তাহেরের সন্ত্রাসী বাহিনী ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটাতে পারে।