লক্ষ্মীপুরে ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা
লক্ষ্মীপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু গত বুধবার লক্ষ্মীপুর থানায় এ মামলা করেন। মামলায় পৌরসভার মেয়র আবু তাহেরের পক্ষের অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ও বিএনপি সূত্র জানায়, ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামকে নিজ বাসা থেকে সন্ত্রাসীরা অপহরণ করে লাশ টুকরো টুকরো করে মেঘনা নদীতে ফেলে দেয়। আদালত ২০০৩ সালে বিপ্লবকে ফাঁসির দণ্ডাদেশ দেন। সম্প্রতি রাষ্ট্রপতি বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফ করেন। বিপ্লবকে রাষ্ট্রপতির ক্ষমার প্রতিবাদে গত সোমবার লক্ষ্মীপুরে জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে মির্জা ফখরুল স্থানীয় সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বাসভবনে যাচ্ছিলেন। পথে শহরের তমিজ মার্কেট এলাকায় পিংকি প্লাজার (তাহেরের বাসভবন) সামনে ফখরুলের গাড়িবহরে সন্ত্রাসীরা হামলা চালায়। ভাঙচুর করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের গাড়িসহ কয়েকটি গাড়ি। এ ঘটনায় তিনজন সাংবাদিকসহ বিএনপি ও ছাত্রদলের কমপক্ষে ২০ জন নেতা-কর্মী আহত হন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহাগ রানা জানান, মামলা হওয়ার পর তিনি একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলের দোকানিরা বলেন, তাঁরা দুপুরের খাবার খেতে বাড়ি গিয়েছিলেন। এ ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছারোয়ার জানান, ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। পত্রিকায় প্রকাশিত ছবি দেখে অতি দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।