লক্ষ্মীপুরে বাজারে সন্ত্রাসী হামলা ভাঙচুর, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া বাজারে গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা দুটি মুদি দোকানে ভাঙচুর ও পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানান, স্থানীয় দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন লোকজন নিয়ে মঙ্গলবার রাত আটটার দিকে দত্তপাড়া বাজারের একটি সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড সরিয়ে দিতে যান। এ সময় অটোরিকশার চালকদের সঙ্গে তাঁদের হট্টগোল বেধে যায়। একপর্যায়ে স্ট্যান্ডসংলগ্ন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আজিজুর রহমানের মুদি দোকান আজিজ স্টোর ও আমিন স্টোর নামের অপর একটি মুদি দোকানে হামলা চালায় চেয়ারম্যানের লোকজন। ব্যবসায়ীরা বাধা দিলে চেয়ারম্যান নূর হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর হামলা করে। এ সময় ফাঁকা গুলির শব্দও পাওয়া যায়। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা তড়িঘড়ি দোকান বন্ধ করে চলে যান। হামলায় পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে মো. হাফিজ উল্যা, মো. সুমন ও মো. বেলাল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের নেতা আজিজুর রহমানের সঙ্গে চেয়ারম্যান নূর হোসেনের বিরোধ চলছে। গত জুন মাসের প্রথম দিকে নূর হোসেনের ভাই আনোয়ার হোসেনকে সন্ত্রাসীরা দত্তপাড়া বাজারে গুলি করে হত্যা করে। এ ঘটনায় আজিজুর রহমান ও তাঁর ছেলে সবুজের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। ওই মামলায় বাবা ও ছেলে বর্তমানে জেলহাজতে রয়েছেন।আজিজ স্টোরের ম্যানেজার মো. বেলাল হোসেন অভিযোগ করেন, নূর হোসেন দুই সপ্তাহ আগে জেল থেকে ছাড়া পাওয়ার পর তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে মঙ্গলবার রাতে ওই হামলা চালান। এ সময় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করা হয়।হামলা ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান নূর হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজিজের ছেলে বিপ্লবসহ সন্ত্রাসীরা অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ডের দখল নিতে চেয়েছিল। আমি বাধা দেওয়ায় তারা আমাকে উদ্দেশ করে গুলি ছোড়ে।’দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, রাতে বাজারে কয়েকটি গুলির শব্দ শোনার পর তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষ দ্রুত সরে পড়ে। গুলি কোন পক্ষ করেছে, তা তিনি জানেন না।লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জানান, দত্তপাড়া বাজারে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।