লক্ষ্মীপুরে বাহিনী আতঙ্ক
লক্ষ্মীপুর সদর উপজেলার একাধিক ‘বাহিনী’র সন্ত্রাস ও অস্ত্রের মহড়ায় মানুষ আতঙ্কে রয়েছে। বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, দাসেরহাট এলাকায় বিভিন্ন বাহিনী অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে বেড়াচ্ছে। সদর উপজেলার বালাইশপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত শুক্রবার দুপুরে আবুল কাশেম জিহাদি, লাদেন মাসুম ও পুলিশ বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দুই শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়। একই দিন বিকেলে মদনপুর এলাকায় পুলিশকে লক্ষ্য করে কাশেম জিহাদি বাহিনীর সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশের পাঁচ কনস্টেবলসহ কমপক্ষে সাতজন গুলিবিদ্ধ হন। একই উপজেলার শেরপুর গ্রামে ১৫ এপ্রিল রাতে কাশেম জিহাদি ও নুর হোসেন শামীম বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় শেরপুর গ্রামের শহীদ উল্যার স্ত্রী কুসুম বেগম ও আবদুল হান্নানের শিশুকন্যা ইশামনিসহ ১০ জন গুলিবিদ্ধ হন। ১১ এপ্রিল বৃহস্পতিবার রাতে বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামে বিএনপির এক কর্মীকে মারধর করে কাশেম জিহাদির লোকজন। এর জের ধরে নুর হোসেন শামীম বাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে পাঁচজন আহত হন। সন্ত্রাসীরা ৫ এপ্রিল রাতে সদর উপজেলা যুবদলের সহসভাপতি নজরুল ইসলামকে রাধাপুর গ্রামে গুলি করে হত্যা করে। ৩ এপ্রিল বুধবার বিকেলে দত্তপাড়ায় মোসলেহ উদ্দিন মুন্না বাহিনীর সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। সম্প্রতি হানিফ মিয়াজির হাটে এই মোসলেহ উদ্দিন মুন্না বাহিনীর সন্ত্রাসীরা নৃশংসভাবে প্রবাসী রুবেল হোসেনকে গুলি করে হত্যা করে। ২৭ মার্চ বৃহস্পতিবার রাতে একই উপজেলার বশিকপুর গ্রামে যুবলীগের নেতা খোরশেদ আলমকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ২৮ ফেব্রুয়ারি সোলাইমান উদ্দিন জিসান বাহিনীর সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে চন্দ্রগঞ্জ বাজারে হামলা চালিয়ে ১০টি দোকান ভাঙচুর ও সাত লাখ টাকার মালামাল লুটে নেয়। এর আগে চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের একাধিক বার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ১৬ মার্চ রহিমপুর এলাকায় জিসান বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। কাশেম জিহাদী, লাদেন মাসুম ও নুর হোসেন তাঁদের বাহিনীর কথা অস্বীকার করে বলেন, ‘আমরা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নই।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বর্তমান সরকারের ছত্রচ্ছায়ায় এসব বাহিনী প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আমাদের যুবদল নেতা লিটন, মহসিন, মনিরসহ কয়েকজন নেতাকে গুলি করে হত্যা করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দল নেই। প্রশাসনকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আমি একাধিক বার বলেছি। এসব বাহিনীর কারণে মানুষ শান্তিতে নেই।’ সদর থানার ওসি আলতাফ হোসেন জানান, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সখ্যের অভিযোগ সঠিক নয়।