লক্ষ্মীপুরে বিএনপি নেতা হত্যার দায়ে ১১ জনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে বিএনপির নেতা মো. বাবর মিয়া হত্যা মামলায় ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে চারজনকে। লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী গতকাল মঙ্গলবার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার তিতারকান্দি গ্রামের মৃত ছাবির মিয়ার ছেলে আলম, কালা মুন্সির ছেলে মিরাজ, জয়নাল আবেদিনের ছেলে মঞ্জু, মৃত ফজল হকের ছেলে কালা মুন্সি, আবদুর রবের ছেলে মামুন, মৃত আলী মাঝির ছেলে ভুট্টো, আলী হায়দারের ছেলে মইন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোরশেদ আলম, সৈয়দ আহম্মদের ছেলে আবুল বাশার, জগন্নাথপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মাসুদ ও রাজাপুর গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে মঈন উদ্দিন। এঁদের মধ্যে মাসুদ ও মোরশেদ জেলহাজতে আছেন। বাকিরা পলাতক। মামলায় খালাস পাওয়া ব্যক্তিরা হলেন জামাল, নুরুল হুদা, আলী হোসেন ও নুরুল হক। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মো. আবুল কালাম। আর আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবির ও মো. আবুল বাশার।
রায়ের পর মো. আবুল কালাম বলেন, তিনি এ রায়ে সন্তুষ্ট। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুও বলেছেন, রায়ে তাঁরা সন্তুষ্ট। তবে আসামিপক্ষের আইনজীবী মো. আবুল বাশার ও দণ্ডপ্রাপ্ত মোর্শেদের বাবা জামাল উদ্দিন বলেন, এ আদেশের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত বাবর মিয়া সদর উপজেলার তিতারকান্দি গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। তিনি চরশাহী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৩ সালের ৮ মার্চ রাতে ক্রিকেট খেলা দেখে তিতারকান্দি বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত বাবরের ভাই নুরুল আলম ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন। আসামিদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান তদন্ত শেষে ওই বছরের ১৭ সেপ্টেম্বর ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে। পরে সরকারি কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২০ জানুয়ারি অভিযোগপত্র থেকে আবুল কাশেম, মো. সেলিম ও আলী হায়দার নামের তিনজনকে বাদ দেওয়া হয়। দীর্ঘ শুনানিতে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল এ মামলার রায় দিলেন আদালত।