লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য হারুনুর রশিদকে (৫০) বৃহস্পতিবার রাতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ বটগ্রামে মোহাম্মদ বাবুল (৪৫) নামের এক মৎস্য খামারের মালিককে একই রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসু বাজারে তারাবি নামাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন হারুনুর রশিদ। ইউনিয়নের হাসন্দি গ্রামে রফিক মাস্টার সেতুর কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, নিহত হারুনুর রশিদ উত্তর হামছাদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি।
সদর থানার পুলিশ রাতেই নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে নোয়াখালীতে নিহত বাবুলের বাড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের দক্ষিণ বটগ্রামে। গতকাল শুক্রবার সকালে বাড়ির অদূরে বালায়াদা-বটগ্রাম সড়কের পাশে থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ শেষে রাত ১০টার দিকে বাবুল বাড়িতে আসেন। রাতের খাবার খেয়ে বাড়ির পাশের মাছের খামার দেখতে বাড়ি থেকে বের হন। কিন্তু সেহিরর সময় পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী বিষয়টি বাড়ির লোকজনকে জানান। পরে বাড়ির লোকজন আশপাশের এলাকায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে বালায়াদা-বটগ্রাম সড়কের পাশে বাবুলের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী পূর্ববিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।