লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক মো. শাহাবউদ্দিন হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। গতকাল বুধবার আওয়ামী লীগের ক্ষুব্ধ কর্মীরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করবে। হত্যার ঘটনায় পুলিশ কবির হোসেন ও আলাউদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে। নিহত সাহাব উদ্দিনের মরদেহের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাত আটটায় স্থানীয় শান্তিরহাট বাজারে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত সোমবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে শাহাবউদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন দাবি করেন, ‘এ হত্যার ঘটনায় আমরা জড়িত নই। তিনি আমাদের আত্মীয় ছিলেন। মিথ্যা অভিযোগ এনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর বসতঘরে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।’ সদর থানার ওসি মো. ইসমাইল মিয়া বলেন, ঘটনার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।বিএনপির নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ সম্পর্কে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন বলেন, অন্য এলাকার বিক্ষুব্ধ লোকজন এসে ওই ভাঙচুর চালিয়েছে। দলের নেতা-কর্মীরা এর সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন তিনি।