লক্ষ্মীপুরে বিএনপিকর্মী নিহতের ঘটনায় মামলা
লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারে সন্ত্রাসীদের গুলিতে বিএনপিকর্মী মো. জাহাঙ্গীর হোসেন নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। ওই ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ ও বিএনপি।লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার জানান, পোদ্দার বাজারে পল্লিচিকিৎসক মো. জাহাঙ্গীর হত্যার ঘটনায় রোববার রাতে উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় গতকাল রাত আটটা পর্যন্ত অন্য কেউ মামলা করেনি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল করিম জানান, ইতিমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। শনিবার রাতে হরতালের সমর্থনে বাজারে বিএনপি ও জামায়াতের কর্মীরা মিছিল বের করেন। এ সময় হরতালবিরোধীরা তাঁদের ধাওয়া করেন। পরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে রোববার জাহাঙ্গীরের মরদেহ নন্দীগ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।এদিকে জাহাঙ্গীরের নিহত হওয়ার ঘটনায় রোববার দুপুরে স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করে জেলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন অভিযোগ করেন, বিএনপির সন্ত্রাসীরাই জাহাঙ্গীরকে হত্যা করেছে। বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপিও পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের বাসায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা জাহাঙ্গীরকে হত্যা করেছেন।