লক্ষ্মীপুরে বিরিয়ানি খেয়ে একজনের মৃত্যু ২০ জন অসুস্থ
লক্ষ্মীপুরে সদর হাসপাতালে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে গতকাল বুধবার সকালে লিটন হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া লক্ষ্মীপুর সদর হাসপাতালের তিন কনসালট্যান্ট ও মেডিকেল কর্মকর্তাসহ ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন।
এ ঘটনায় সিভিল সার্জনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বিরিয়ানি সরবরাহকারী প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন। এর মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সদর হাসপাতাল সম্মেলনকক্ষে ওই হাসপাতালের ১৮ জন চিকিৎসক নিয়ে যক্ষ্মা বিষয়ে ব্র্যাকের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের নাছির বিরিয়ানি হাউসের খাবার প্যাকেট সরবরাহ করা হয়। পরে এ খাবার খেয়ে সদর হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ইকবাল হোসেন, নাক কান গলার কনসালট্যান্ট ওমর ফারুক খান, রেডিওলোজি কনসালট্যান্ট সালাউদ্দিন পাটওয়ারী, মেডিকেল কর্মকর্তা আবদুল
খালেদ, গণি আমিন ও চিন্ময় সাহা এবং লিটন হোসেন, শিশু ছাদনীসহ ২০ জন অসুস্থ হয়ে পড়েন। গতকাল বুধবার সকালে সদর হাসপাতালে নেওয়ার পথে লিটনের (৩৫) মৃত্যু হয়। তাঁর বাড়ি ফেনীর মহিপালে।
এ ঘটনায় লক্ষ্মীপুরের সিভিল সার্জন গোলাম ফারুক ভূইঁয়ার নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ওই কমিটির সদস্য সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. নুরুজ্জামানের নেতৃত্বে গতকাল দুপুরে শহরের নাছির বিরিয়ানি হাউসে অভিযান চালিয়ে সিলগালা করে দেন।
জানতে চাইলে নাছির বিরিয়ানি হাউসের মালিকের ছেলে মো. রাসেল প্রথম আলোকে বলেন, মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে খাবার সরবরাহ করা হয়েছে। কিন্তু কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সদর হাসপাতালে চিকিৎসাধীন মেডিসিন বিশেষজ্ঞ ইকবাল হোসেন বলেন, ‘খাবার খাওয়ার পরে আমার বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি হই।’
সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া বলেন, খাবার খেয়ে কেন অসুস্থ ও মৃত্যুর ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, গতকাল দুপুরে অভিযান চালিয়ে শহরের নাছির বিরিয়ানি হাউসে নোংরা পরিবেশ ও অনিয়ম পাওয়া যায়। এ কারণে এর মালিককে দুই লাখ টাকা জরিমানা ও হাউসটি সিলগালা করা হয়।