লক্ষ্মীপুরে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সমাবেশ
নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের সরকারের নীতিগত সিদ্ধান্তে লক্ষ্মীপুরে শিক্ষকদের সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে।জেলার নিবন্ধিত বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার সকালে ওই সমাবেশ ও শোভাযাত্রা হয়। জেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম শাহজাহান। শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুস ছোবহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফারুক ও সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন। সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শফিক আহম্মদ, শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুদ্দীন, সদর উপজেলা শাখার সভাপতি মো. শরীফ হোসেন, রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান, রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, রায়পুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ূন কবির প্রমুখ।