লক্ষ্মীপুরে ভাঙন রোধে মানববন্ধন
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলাকে মেঘনার ভাঙন থেকে রক্ষার দাবিতে উপজেলা রামগতি ভাঙন প্রতিরোধ কমিটি মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত রামগতির কয়েক হাজার মানুষ মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধনে বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে উপকূলের ৩৭ কিলোমিটার ভাঙনের মুখে পড়েছে। এর মধ্যে আলেকজান্ডার এলাকার পাঁচ কিলোমিটার ঝুঁকির মধ্যে রয়েছে। এখানে শতাধিক সরকারি-বেসরকারি কার্যালয় রয়েছে। ভাঙন ঠেকানো না গেলে এগুলো যেকোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। তাঁরা বলেন, সম্প্রতি আসলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফেজিয়া মাদ্রাসা, মসজিদসহ বহু ঘরবাড়ি বিলীন হয়ে গেছে।বক্তারা বলেন, জরুরি ভিক্তিতে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে রামগতি-কমলনগর উপজেলা হেডকোয়ার্টার রক্ষা করতে হবে। ব্লক বাঁধ দিয়ে রামগতি-কমলনগর হেডকোয়ার্টার রক্ষা এবং ভাঙনের শিকার হওয়া ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া পরিকল্পিত ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নদীর গতিপথ সোজা করে তাঁরা ভাঙন ঠেকানোর দাবি জানান।