লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার
লক্ষ্মীপুর সদর উপজেলায় গত বুধবার এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
থানা-পুলিশ সূত্র জানায়, বুধবার বিকেলে বোনের বাড়ি থেকে ওই ছাত্রী সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়িতে ফিরছিল। বশিকপুর এলাকায় চার ব্যক্তি অটোরিকশাটি থামায়। তারা জোর করে ওই ছাত্রীকে নামিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পুলিশ বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, মেয়েটি বাদী হয়ে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সকালে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রতিবেদন এলে বিস্তারিত বলা যাবে।