লক্ষ্মীপুরে মারধরের পর গৃহকর্মীর চুল কর্তন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌরসভায় গত বুধবার জেসমিন আক্তার (১৩) নামে এক গৃহকর্মীকে মারধরের পর তার মাথার চুল কেটে দিয়েছে গৃহকর্তার পরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার জেসমিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত জেসমিন আক্তার গতকাল শুক্রবার হাসপাতালে প্রথম আলোকে জানায়, বুধবার রাতে সে এবং অপর দুই গৃহকর্মী দোতলার একটি কক্ষে ঘুমিয়ে ছিল। গভীর রাতে গৃহকর্তা লন্ডনপ্রবাসী মো. সুমন তাদের কক্ষে ঢোকেন। তাঁকে দেখে সে চিৎকার দিলে তিনতলা থেকে সুমনের স্ত্রী সনি এবং দুই বোন পলি ও ফেন্সি চলে আসে। ওই কক্ষে সুমনকে দেখে তারা জেসমিনকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে সুমন ওই কক্ষ থেকে বের হয়ে যান। এরপর পরিবারের অন্য সদস্যরা তার মাথার চুল কেটে দেয় এবং তার হাত-পা বেঁধে আটকে রাখে। পরে বৃহস্পতিবার জেসমিনকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মেয়েটির চিকিৎসাসংক্রান্ত সব কাগজপত্র চিকিৎসকের সামনে থেকে সোহেল নামক এক যুবক কেড়ে নিয়ে যান। এতে মানবাধিকারকর্মী নূর মোহাম্মদ বাধা দিলে সোহেল তাঁকে হুমকি দেন। পরে রাত সাড়ে নয়টার দিকে সাংবাদিকের হস্তক্ষেপে সোহেল জেসমিনের ব্যবস্থাপত্র ও হাসপাতালে ভর্তির কাগজপত্র ফেরত দেন।এ ব্যাপারে সদর হাসপাতালের চিকিৎসক শিমুল কুমার বলেন, ‘আমি জরুরি কাজে ব্যস্ত ছিলাম। এ সময় কে বা কারা নূর মোহাম্মদের হাত থেকে জেসমিনের চিকিৎসার কাগজপত্রের ফাইল ছিনিয়ে নিয়ে যান।’ তিনি জানান, জেসমিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।জেসমিনের বাবা মনির হোসেন অভিযোগ করেন, ‘মো. সুমন বিভিন্ন লোকের মাধ্যমে মামলা না করতে এবং মেয়েকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে চাপ দিচ্ছেন।’এ ব্যাপারে কথা বলার জন্য মো. সুমন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে সুমনের বাসার তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম জানান, বাসার সবাই গ্রামের বাড়ি চলে গেছে।