লক্ষ্মীপুরে মেয়র প্রার্থী আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগ
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী হাসানুজ্জামান চৌধুরী।গত শনিবার দুপুরে হাসানুজ্জামান চৌধুরী লামছড়ি মহল্লায় তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবু তাহেরের কতিপয় সমর্থক নামে-বেনামে মুঠোফোনে গত কয়েক দিন তাঁর সমর্থক নেতা-কর্মীদের হুমকি দিচ্ছেন। এ পর্যন্ত বিএনপির নেতা শাহাজাহান মেম্বার, আবিদ মিয়া ও করিম; যুবদলের নেতা জুয়েল; ছাত্রদলের নেতা হারুনসহ অনেককে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে। অপরদিকে নির্বাচনী লিফলেটে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের কথা লিখে আবু তাহের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও স্থানীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, আবুল হাশেম, হারুনুর রশিদ বেপারী, ছায়েদুর রহমান, হাছিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আবু তাহের গতকাল রোববার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর কোনো কর্মী হাসানুজ্জামানের সমর্থকদের হুমকি দেননি।