লক্ষ্মীপুরে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী গ্রামের একটি ধানখেত থেকে সদর থানার পুলিশ গতকাল সোমবার মো. সুমন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত সুমনের বাড়ি একই গ্রামে।
পারিবারিক সূত্রের ভাষ্যমতে, রোববার রাতে সুমনকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেয় দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা রাতে তাঁকে হত্যার পর মুখে বিষ ঢেলে লাশটি বাড়ির পাশের একটি ধানখেতে ফেলে যায়।
পুলিশ জানায়, গতকাল সকালে এলাকার লোকজন লাশটি দেখতে পায়। পরে তারা সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত সুমনের মা সাহিদা বেগম বলেন, দুই দিন আগে সুমনকে মুঠোফোনে দুর্বৃত্তরা হুমকি দিয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।