লক্ষ্মীপুরে যুবদল কর্মী ও চট্টগ্রামে ব্যবসায়ী খুন
চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধের জের ধরে গতকাল শুক্রবার ইয়াছিন বাবুল (৫২) নামের এক আলু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন যুবদলের কর্মী মো. মোরশেদ আলম (৩৫)। ঘটনাটি গত বৃহস্পতিবার রাতের।
ইয়াছিনের ছোট ভাই মোহাম্মদ নাছিরের অভিযোগ, স্থানীয় জামায়াত-সমর্থিত ব্যবসায়ী বেলাল মোল্লা রাস্তা দখল করে মালামাল রেখে ব্যবসা করে আসছিলেন। এ নিয়ে তাঁর সঙ্গে ইয়াছিনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বেলাল ও তাঁর সহযোগীরা ইয়াছিনকে মারপিট করে হত্যা করেছেন।
মোহাম্মদ নাছিরের বর্ণনা অনুযায়ী, গতকাল বেলা সোয়া ১১টার দিকে বেলাল মোল্লা পাঁচ-ছয়জন সহযোগী নিয়ে ইয়াছিনের দোকানে অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা ইয়াছিনকে বেধড়ক মারধর করেন। পরে বাজারের অন্য ব্যবসায়ীরা এসে ইয়াছিনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইয়াছিনের গ্রামের বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে। চট্টগ্রাম নগরের বিশ্বকলোনির এন ব্লকে পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর পাঁচ মেয়ে ও এক ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুঁইয়া জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নূর নবী বাহার (২৫) ও মাইনুল হাসান (২৫) নামের দুজনকে আটক করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দীগ্রামে একটি মৎস্য খামারে হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের এলোপাতাড়ি গুলিতে মৎস্য খামারের মালিক মোরশেদ আলম ও সুমন গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন। সুমনকে পাঠানো হয় ঢাকায়। তাঁর অবস্থা গুরুতর। মোরশেদ আলম ও সুমন স্থানীয় যুবদলের সদস্য বলে জানা গেছে।
মোরশেদ আলম নন্দীগ্রামের সিরাজ মিয়ার ছেলে। তাঁর ভাই মো. সোহেল জানান, মোরশেদ, আকবর হোসেন ও মো. সুমন বাড়ির পাশে যৌথভাবে একটি মৎস্য খামার পরিচালনা করতেন। রাতে তাঁরা খামার পাহারা দিতেন।
সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সভাপতি সৈয়দ রাশেদুল হাছানের অভিযোগ, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা মোরশেদকে হত্যা করেছে।
সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, মোরশেদের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় একটি অপহরণ মামলা রয়েছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।