দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে চারজন খুন হয়েছেন। এর মধ্যে লক্ষ্মীপুরে যুবদলের এক কর্মীকে গুলি করে এবং বগুড়ায় এক কলেজছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া লাশ উদ্ধার হয়েছে ছয়টি।
ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চার খুন: লক্ষ্মীপুরে যুবদলের নিহত কর্মীর নাম রিপন হোসেন (১৭)। সে সদর উপজেলার মান্দারী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ রাশেদুল ইসলাম নামের একজনকে আটক করেছে।
রিপনের বাবা হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে কে বা কারা ফোন করে তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর কড়ইতলা এলাকায় রাস্তার পাশে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলির শব্দ শুনে এলাকাবাসী সেখানে গিয়ে তাকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ভোররাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, রিপনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২০১৩ সালের ১২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত লক্ষ্মীপুরে ১৯ জন রাজনৈতিক নেতা-কর্মী প্রাণ হারালেন। তাঁদের মধ্যে নয়জনের পরিবারের অভিযোগ, তাঁরা আইনশৃঙ্খলা বাহিনী বা তাদের পরিচয়ে সরকারদলীয় কর্মীদের হাতে নিহত হন। বাকি ১০ জন নিহত হন রাজনৈতিক প্রতিপক্ষ বা সন্ত্রাসীদের হাতে। নিহত ব্যক্তিদের মধ্যে বিএনপির ১২ জন, আওয়ামী লীগের পাঁচজন ও জামায়াতে ইসলামীর দুজন রয়েছেন। একই সময়ে বিএনপির ছয়জন নেতা-কর্মী গুম হন।
মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের জোড়া মথনা বাজারে বুধবার রাতে তৈয়বুর রহমানকে (৪৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি সদর উপজেলার উত্তর নওয়াপাড়া গ্রামের মোজাহার শিকদারের ছেলে। জোড়া মথনা গ্রামে তাঁর শ্বশুরবাড়ি।
মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, চরমপন্থী সন্ত্রাসী দাউদ হোসেনের নামে ওই এলাকায় ‘দাউদ বাহিনী’ নামে সন্ত্রাসী বাহিনী রয়েছে। তৈয়বুর দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
বগুড়া ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফুর রহমানকে (২০) বুধবার রাতে কে বা কারা বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। পরের দিন সকালে শহরতলির সাবগ্রামে তাঁর লাশ পাওয়া যায়। তিনি সাবগ্রামের আবু বক্করের ছেলে।
নেত্রকোনার আটপাড়ায় পারিবারিক কলহের জের ধরে খুন হন মুক্তিযোদ্ধা দুলাল মিয়া (৬৫)। উপজেলার দোওজ ইউনিয়নের চারগাতিয়া গ্রামে দুলাল মিয়ার ভাই সুলতান মিয়ার ছেলেমেয়েদের মধ্যে বুধবার রাতে কথা-কাটাকাটি হয়। এ সময় দুলাল মিয়া তাঁদের ঝগড়া থামাতে গেলে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
ছয়টি লাশ উদ্ধার: সিলেটের বালাগঞ্জের ওসমানীনগরে নিখোঁজ হওয়ার চার দিন পর বৃহস্পতিবার দুপুরে অর্জুন ভৌমিকের (২০) লাশ উদ্ধার হয়েছে। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ কমিটির সাবেক কোষাধ্যক্ষ। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জামালপুরে মঠখোলা-মির্জাপুর সড়ক থেকে গতকাল সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন আছে। পরনে ছিল চেক লুঙ্গি ও হলুদ রঙের হাফশার্ট।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বৃহস্পতিবার সকালে সবুজ (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, সবুজ করাতিপাড়ার জোরান মিয়ার মুরগির খামারের কর্মচারী। সে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাবেদ খন্দকারের ছেলে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ খামারের মালিক জোরান মিয়াকে আটক করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের ধানের জমি থেকে গতকাল দুপুরে এক নবজাতকের মস্তক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মস্তকটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাগেরহাটের মংলার চিলা এলাকার জেলে লুইস ইজারদার ওরফে নিশির গুলিবিদ্ধ লাশ গতকাল দুপুরে সুন্দরবনের ভদ্রা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বনদস্যু ধলু বাহিনী তাঁকে তুলে নিয়ে যায়।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া এলাকার একটি মুরগির খামারের পাশ থেকে বৃহস্পতিবার দুপুরে আরিফুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। ভেড়ামারা থানার ওসি পারভেজ ইসলাম জানান, আরিফুল চুরি ও নেশাও করতেন। সাত দিন আগে তিনি জেল থেকে বের হন। শেয়ালের উপদ্রব থেকে মুরগি বাঁচাতে খামারের চার পাশে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মুরগি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল মারা গেছেন।