লক্ষ্মীপুরে যুবদল নেতা খুন
লক্ষ্মীপুর সদর উপজেলায় মান্দারী ইউনিয়ন যুবদলের নেতা মো. মিজান (৩৫) গতকাল রোববার সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।
মিজানের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আট থেকে ১০ জন সন্ত্রাসী দক্ষিণ মান্দারী গ্রামে মিজানের বাড়ির কাছ থেকে তাঁকে তুলে নিয়ে যায়। পরে তাঁকে পার্শ্ববর্তী পূর্ব দিঘলী গ্রামের বেড়িবাঁধের পাশে হাতে-পায়ে গুলি করে এবং কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক নাছির উদ্দিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মিজানের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে রাতে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
মান্দারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক রাজু জানান, ঢাকায় নেওয়ার পথে নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায় মিজানের মৃত্যু হয়। তিনি ইউনিয়ন যুবদল কমিটির সদস্য ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, নিহত মিজান একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে খুন-ডাকাতিসহ লক্ষ্মীপুর সদর থানায় চার থেকে পাঁচটি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।