প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলা যুবদলের সহসভাপতি নজরুল ইসলামকে হত্যার প্রতিবাদে গতকাল রোববার আধা বেলা হরতাল পালন করেছে জেলা যুবদল। হরতাল চলাকালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস চলেনি। অফিস-আদালতে লোকজনের উপস্থিতি ছিল কম। হরতাল-সমর্থকেরা বাস টার্মিনাল, দক্ষিণ তেমুহনী, জকসিন, মান্দারী, হাজিরপাড়াসহ বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। যুবদলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত শুক্রবার রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামে যুবদলের নেতা নজরুল ইসলামকে তাঁর বাড়ির পাশে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। প্রতিবাদে জেলা যুবদল গতকাল জেলার পাঁচটি উপজেলায় হরতালের ডাক দেয়। হরতালে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।