নোয়াখালী ও ফেনীতে সিপিবি নেতাসহ দুই ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে হত্যা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গতকাল সোমবার যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নোয়াখালীর সুবর্ণচর থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এক নেতার ও ফেনীর দাগনভূঞা থেকে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকার বাইরে আমাদের অফিস ও প্রতিনিধির পাঠানো খবর:
লক্ষ্মীপুর: রামগঞ্জের করপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলামকে (৩৫) গতকাল গুলি করে হত্যা করা হয়।
রামগঞ্জ থানা ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে একদল দুর্বৃত্ত স্থানীয় ফতেহপুর গ্রামের নিজ বাড়ি থেকে সাইফুলকে ডেকে নিয়ে যায়। বেলা তিনটার দিকে আজিমপুর কালু মেম্বারের পোল এলাকায় তাঁকে গুলি চালিয়ে হত্যা করে লাশ ফেলে যায়। রামগঞ্জ থানা যুবলীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন নিহত সাইফুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, সাইফুলের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হারুনুর রশিদ নামের একজনকে আটক করা হয়েছে। ওসি জানান, নিহত সাইফুলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলা শাখা সিপিবির সভাপতি মফিজুর রহমানের (৫৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ১১টার দিকে সুবর্ণচরের চর জব্বার ইউনিয়নের আল-আমিন সড়কের মাথায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে। গতকাল মফিজুর রহমানের ঘনিষ্ঠজনেরা তাঁর লাশ শনাক্ত করেন। তিনি রাজনীতির পাশাপাশি একটি ইনস্যুরেন্স প্রতিষ্ঠানে কাজ করতেন।
চরজব্বার থানার ওসি এনামুল কবির জানান, নিহত ব্যক্তির স্ত্রী মনোয়ারা বেগম হত্যা মামলা করেছেন। তবে কাউকে আসামি করা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফেনী: দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের চানপুর গ্রামের ছোট ফেনী নদীর পাশে গতকাল আওলাদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশটির ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি শরীয়তপুর জেলার জালিয়া উপজেলা জয়নগর গ্রামের সোহরাব হোসেনের ছেলে।