লক্ষ্মীপুরে যুবলীগ নেতার লাশ উদ্ধার আ. লীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার কমলনগর উপজেলার মেঘনা নদীর চরকটরিয়া মাছঘাট এলাকা থেকে গত শুক্রবার গভীর রাতে যুবলীগ নেতা আবদুল মন্নানের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মন্নানের স্ত্রী ফাতেমা আক্তার জানান, গত ১ এপ্রিল রিলিফের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করলে স্থানীয় বিএনপি সমর্থিত চরকালকিনি ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহর সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এ সময় সাইফুল্লাহ যুবলীগ নেতা মন্নানকে হত্যার হুমকি দেয়। ২ এপ্রিল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মন্নান নিখোঁজ হন। এ ব্যাপারে মন্নানের স্ত্রী ৬ এপ্রিল কমলনগর থানায় জিডি করেন। ফাতেমা গলিত লাশটি তাঁর স্বামীর বলে দাবি করেছেন। এই হত্যাকাণ্ডের জন্য সাইফুল্লাহ চেয়ারম্যানকে দায়ী করেন তিনি। এদিকে মন্নান হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কমলনগর থানার সামনে বিক্ষোভ মিছিল করে।কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, খবর পেয়ে গত শুক্রবার রাতে পুলিশ মেঘনার চরকটরিয়া থেকে লাশটি উদ্ধার করে। লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক নুর ইসলাম মাস্টার ও যুগ্ম আহ্বায়ক রফিক চৌধুরী নিহত মন্নান ইউপি যুবলীগের সহসভাপতি বলে জানান।ইউপি চেয়ারম্যান মো. সাইফুল্লাহ বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে কমলনগর উপজেলা আওয়ামী লীগের নেতা রফিক চৌধুরী নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী। আমাকে ঘায়েল করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’