লক্ষ্মীপুরে যুবলীগের কর্মীকে গলা কেটে হত্যা
লক্ষ্মীপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের যুবলীগের এক কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. রোমান হোসেন (২২)। তিনি বিরাহীমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। বশিকপুর ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন রোমান।
পুলিশ, স্বজন ও স্থানীয় লোকজন জানান, আজ ভোররাতে অস্ত্রের মুখে বাড়ি থেকে রোমানকে তুলে নেয় দুর্বৃত্তরা। ভোর ছয়টার দিকে ইউনিয়নের মদনপুর গ্রামের একটি রাস্তার পাশে তাঁর গলাকাটা লাশ দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। সকাল পৌনে নয়টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় দত্তপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর দাবি, রোমান চাঁদাবাজি করতেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।