লক্ষ্মীপুরে যুবলীগের জঙ্গিবাদবিরোধী সমাবেশ
লক্ষ্মীপুর জেলা যুবলীগের উদ্যোগে গতকাল রোববার বিকেলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করা হয়। দেশব্যাপী জঙ্গি হামলা, সন্ত্রাস ও গুপ্তহত্যার প্রতিবাদে শহরের তমিজ মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিদের অপতৎপরতা রোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শিক্ষার্থীরা যাতে জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়তে না পারে সে জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।
জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, কেন্দ্রীয় যুবলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক মো. শোয়েব হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল ও বায়েজিদ ভূঁইয়া।