লক্ষ্মীপুর পৌর যুবলীগের সহসভাপতি আপেল মাহমুদের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলার ভূঁইয়ার হাট এলাকায় সড়কের ওপর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। আপেল মাহমুদের পরিবারের অভিযোগ, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একই দিন পৌর এলাকার আবিরনগর এলাকা থেকে শাহিনুর আক্তার নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌর যুবলীগের সহসভাপতি ও পৌর এলাকার বাঞ্জানগর গ্রামের আবুল কাশেমের ছেলে আপেল মাহমুদ গত রোববার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ভূঁইয়ার হাট এলাকায় রাস্তার ওপর আপেলের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের পরিবার দাবি করেছে, আপেলকে সন্ত্রাসীরা শ্বাসরোধে হত্যা করে লাশ রাস্তার ওপর ফেলে গেছে।লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না।এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা আপেলের হত্যাকারীদের বিচার দাবি করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকার একটি বাসায় একা থাকতেন শাহিনুর আক্তার। তাঁর স্বামী মাইন উদ্দিন বিদেশে আছেন। গতকাল শাহিনুরের শ্বশুরবাড়ির লোকজন ওই বাসায় গিয়ে দরজা বন্ধ দেখে শাহিনুরের ভাই মো. হারুনকে খবর দেয়। হারুন পুলিশকে খবর দিলে পুলিশ বাসার তালা ভেঙে বাথরুম থেকে তাঁর লাশ উদ্ধার করে।হারুন জানান, শাহিনুর সাত দিন আগে নিখোঁজ হন। এ ব্যাপারে গত রোববার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শ্বশুরবাড়ির লোকজনই শাহিনুরকে হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন। এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, রশি দিয়ে লাশের শরীর বাঁধা ছিল। শাহিনুরকে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।