লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের কসবা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সেলিনা আক্তার (৩৫) নামের ওই গৃহবধূর মায়ের অভিযোগ, যৌতুকের লোভে সেলিনার স্বামী নেছার আহম্মদ তাঁকে হত্যা করেছেন। নেছারের পরিবারের দাবি, কীটনাশক পান করে সেলিনা আত্মহত্যা করেছেন। সেলিনার মা ও একই উপজেলার মান্দারি গ্রামের নূরজাহান বেগমের ভাষ্যমতে, বিয়ের পর থেকে নেছার বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে প্রায় এক লাখ টাকা নিয়েছেন। টাকা না দিলে সেলিনার ওপর তিনি শারীরিক নির্যাতন করতেন। স্বামীর নির্যাতনেই সেলিনার মৃত্যু হয়েছে বলে তাঁর ধারণা। ঘটনার পর থেকে নেছারসহ সেলিনার শ্বশুর-শাশুড়ি পলাতক। তবে নেছারের পরিবারের অন্য সদস্যরা দাবি করেন, পারিবারিক কলহের জের ধরে সেলিনা কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। সেলিনার তিনটি সন্তান রয়েছে। এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ রানা বলেন, ময়নাতদন্তের জন্য সেলিনার লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের মুখে কীটনাশকের গন্ধ ছিল। এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।