লক্ষ্মীপুরে যৌথ অভিযান শুরু গ্রেপ্তার ৩৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক খুনের ঘটনায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছে লক্ষ্মীপুর৷ গত সাড়ে পাঁচ মাসে জেলায় ৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ অভিযান শুরু হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এঁদের মধ্যে সাজাপ্রাপ্ত আসািমও রয়েছেন৷
গতকাল বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, জেলার অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ অন্য অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ, বিজিবি ও ডিবি যৌথ অভিযান চালাচ্ছে। এর মাধ্যমে দু-এক মাসের মধ্যে সন্ত্রাসী বাহিনীগুলো নির্মূল করা সম্ভব হবে।
পুলিশ সুপার জানান, সদর উপজেলার দত্তপাড়া গ্রামে স্থানীয় সন্ত্রাসী বাহিনী বিপ্লব বাহিনীর প্রধান বিপ্লবের বাড়িতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি বিদেিশ এলজি ও ১৮টি গুলি উদ্ধার করে যৌথ বাহিনী। এ ছাড়া সন্ত্রাসী সলেমান উদ্দিন জিসান, নাছির হোসেন ও কাশেম জিহাদীর বাড়ি এবং আস্তানায়ও অভিযান চালানো হয়৷ কিন্তু তাঁরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত সবাই কোনো না কোনো মামলার আসামি৷ এঁদের মধ্যে সাড়ে তিন বছরের সাজাপ্রাপ্ত ইমরান হোসেন (৩০) নামে এক আসামিও রয়েছেন৷ সদর উপজেলার মোজুপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়৷