লক্ষ্মীপুরে রেস্তোরাঁয় হামলা এসআইসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের বিল চাওয়ায় লক্ষ্মীপুর জেলা শহরের একটি চায়নিজ রেস্তোরাঁয় গত বুধবার দিবাগত রাতে সন্ত্রাসী হামলা চালিয়ে কক্ষ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এ সময় এক সাংবাদিকসহ তিনজন আহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের একজন উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও লক্ষ্মীপুর সদর থানা সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর শহরের তেমুহনী এলাকার ইষ্টিকুটুম চায়নিজ রেস্তোরাঁর তৃতীয় তলার একটি কক্ষে রাঙামাটির নানিয়ারচর থানার এসআই ও লক্ষ্মীপুর জেলা শহরের বাসিন্দা মো. কামরুজ্জামান জাবেদ (৪০), বাবু (৪২), শহরের হাসপাতাল সড়কের বাসিন্দা রুবেলসহ (৪০) কয়েকজন গত তিন দিনে বেশ কয়েকবার খাবার খেয়েছেন। বুধবার রাত ১১টায় ওই রেস্তোরাঁর ব্যবস্থাপক রাকিব (৩২) তাঁদের কাছে গত তিন দিনের বিলের টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা তাঁর ওপর হামলা চালান। এ সময় সন্ত্রাসীরা ওই রেস্তোরাঁর একটি কক্ষ, দরজা, জানালা ও বেশকিছু আসবাব ভাঙচুর করে। পুলিশ সুপার নজরুল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনার ছবি তুলতে গিয়ে বৈশাখী টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার সন্ত্রাসীদের হামলায় আহত হন। পুলিশ সুপার নজরুল হোসেন জানান, হামলার ঘটনায় চায়নিজ রেস্তোরাঁর মালিক মো. সুমন বুধবার রাতে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেছেন। ওই মামলার আসামি হিসেবে এসআই কামরুজ্জামান জাবেদ, রুবেল ও বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।