লক্ষ্মীপুরে র্যাব পরিচয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি বাজারে ঢুকে র‌্যাব পরিচয় দিয়ে কয়েকটি দোকান থেকে প্রায় চার লাখ টাকা ও ২৫টি মুঠোফোন লুট করেছে ডাকাতেরা। গত শুক্রবার দিবাগত রাতে কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ওই বাজারের ব্যবসায়ীরা জানান, ওই দিন রাতে র‌্যাবের পোশাক পরে একদল ডাকাত আসামি খোঁজার অভিনয় করে। পরে তারা অস্ত্রের মুখে বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে ফেলে। এরপর তারা নুরুল ইসলাম মাওলানার মুদি দোকান থেকে ৪০ হাজার টাকা, দুটি মুঠোফোন, কয়েক কার্টন সিগারেট, ইসমাইল ফার্মেসি থেকে ৭০ হাজার টাকা, ১১টি মুঠোফোন এবং কিছু দামি ওষুধ, কবির সরকারের দোকান থেকে ৩৫ হাজার টাকা এবং দুটি মুঠোফোন, হারুনের দোকান থেকে দুই লাখ টাকা এবং ইউসুফের দোকান থেকে আটটি মুঠোফোন ও মূল্যবান মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় নলডগী চৌরাস্তায় তিনটি দোকানের গ্রিল ভেঙে মুঠোফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
পরে খবর পেয়ে স্থানীয় কুশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহামঞ্চদ উল্ল্যাহ নাছিম এবং সদর থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।