লক্ষ্মীপুরে র্যাবের অভিযানে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের উত্তর জামিরতলী এলাকায় গত রোববার দিবাগত রাতে বিএনপির নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আসাদুজ্জামান ওরফে বাবুল (৪৮) নিহত হয়েছেন।
আসাদুজ্জামানের স্ত্রী দাবি করেছেন,র‌্যাব তাঁর স্বামীকে ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছে। র‌্যাব দাবি করেছে, তাদের অভিযানকারী দলের ওপর হামলার পর গুলিবিনিময়ের ঘটনায় আসাদুজ্জামান নিহত হন।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশ জানিয়েছে, আসাদুজ্জামান দিঘলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে একজন ইউপি চেয়ারম্যানকে হত্যাসহ একাধিক মামলা আছে। আর র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, খুন, অপহরণসহ তাঁর বিরুদ্ধে ১০টি মামলা আছে।
আসাদুজ্জামানের স্ত্রী আমিনের নেছা দাবি করেন, রাত ১১টার দিকে তাঁর স্বামী ঘরে ভাত খাচ্ছিলেন। এ সময় কালো পোশাক পরা র্যাব তাঁদের ঘরে ঢুকে তাঁকে গুলি করে। পরে তারা আসাদুজ্জামানের লাশ নিয়ে যায়।
স্থানীয় লোকজন সাংবাদিকদের জানান, রাত ১১টার দিকে তাঁরা গুলির শব্দ শুনতে পান। এ সময় গ্রামবাসী ডাকাত ডাকাত বলে এগিয়ে এলে র‌্যাব মাইকে নিজেদের পরিচয় দিয়ে তাঁদের সরে যেতে বলে। পরে র‌্যাব ১৫-২০টি ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে।
এলাকাবাসী দাবি করেছেন, ঘটনার সময় আসাদুজ্জামানের অপর সহযোগী খোরশেদ আলম ওরফে সুমনকে গুলি করে হত্যা করা হয়। তবে তাঁর লাশ পাওয়া যায়নি। র‌্যাব-পুলিশও এই মৃত্যু সম্পর্কে কোনো তথ্য দেয়নি। সাংবাদিকেরাও গতকাল রাত পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে তা নিশ্চিত করতে পারেননি।
তবে অবরোধ কর্মসূচি ঘোষণার জন্য ঢাকায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়েছে, সুমন যুবদলের নেতা এবং রোববার রাতে সেখানে র‌্যাব মোট চারজনকে হত্যা করেছে। তবে তাঁরা বাকি দুজনের নাম-পরিচয় জানায়নি।
একমাত্র আসাদুজ্জামান নিহত হওয়ার ঘটনাটি লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন নিশ্চিত করেছেন। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সুমনের ব্যাপারে তাঁরা অবগত নন বলে জানান।
সদর হাসপাতাল মর্গে আসাদুজ্জামানের লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি: র্যাবের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের প্রক্কালে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য গোপন বৈঠকের খবর পেয়ে র‌্যাব-১১-এর একটি বিশেষ অভিযান দল দিঘলী ইউনিয়নের জামিরতলী রতনের খিল গ্রামে গেলে ‘বাবুল বাহিনী’ র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে তিন-চার মিনিট গুলিবিনিময় হয়। বাবুল বাহিনীর সদস্যরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং স্থানীয় জনগণের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করে। উদ্ধার করে একটি দোনলা বন্দুক ও চারটি গুলি। গুলিবিদ্ধ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্যও আহত হন।