লক্ষ্মীপুরে শিক্ষক নিয়োগের দাবিতে সড়ক অবরোধ

শিক্ষকসংকটে লেখাপড়ায় সমস্যা হওয়ায় গতকাল রোববার সকালে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসের সামনে শহরের উত্তর তেমুহনী এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা দ্রুত কলেজে শিক্ষক নিয়োগের দাবি জানান।
এর আগে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও উপাধ্যক্ষ মো. সফিকুল আলম খানের কক্ষে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে ২৯ জন শিক্ষক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ৮ জন। দীর্ঘদিন ধরে শিক্ষকসংকটের কারণে তাঁদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সহকারী পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার ও সদর থানার মো. আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে যান। তাঁরা শিক্ষার্থীদের দাবি পূরণে সহায়তা করার আশ্বাস দেন।