লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সাফিউদ্দিন রেজা মাহমুদ ও দালাল বাজার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক তামান্না ইয়াসমিনকে ‘লাঞ্ছিত’ করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেয় লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী আঁখি আক্তার, দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌসুমী ও জান্নাতুল ফেরদৌস। কর্মসূচিতে বক্তারা বলে, ডিগ্রি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে দুই শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। তারা অবিলম্বে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানায়।
সাফিউদ্দিন রেজা মাহমুদ বলেন, গত শনিবার ডিগ্রি পরীক্ষা চলাকালে তাঁকে ও তামান্না ইয়াসমিনকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম অন্যায়ভাবে আটক করেন। পরে তাঁদের থানাহাজতে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘পরীক্ষার সময়ে সাফিউদ্দিন রেজা মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এনএসআইর প্রতিবেদনের আলোকে জেলা প্রশাসকের নির্দেশে ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শিক্ষক সাফিউদ্দিন রেজা মাহমুদ ও তামান্না ইয়াসমিনকে কেন্দ্র থেকে আটক করে থানা হেফাজতে রাখেন। পরে শিক্ষক নেতাদের অনুরোধে ৫০০ টাকা জরিমানা করে ওই দুই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়।’