লক্ষ্মীপুরে সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার দেওপাড়া গ্রামে গতকাল সোমবার রাত ১০টার দিকে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুটি বাহিনীর সংঘর্ষে রবিউল আলম নামের এক ছাত্রলীগের নেতা নিহত হয়েছেন। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
এদিকে সংঘর্ষকালে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফায়েল আহমেদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ ওঠে। আগুনে পুড়ে তোফায়েলের নাতি ফরহাদ হোসেন (১০) মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেওপাড়া গ্রামে গত রোববার গভীর রাতে যুবলীগের নেতা গৌতম মজুমদারের বাড়ি ও চন্দ্রগঞ্জ বাজারে তাঁর সাতটি দোকানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। বাজারটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি-সমর্থিত একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনা নিয়ে ওই রাতেই আওয়ামী লীগ-সমর্থিত ‘নাছির বাহিনী’ ও বিএনপি-সমর্থিত ‘জিসান বাহিনী’র মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জের ধরে গতকাল আবার দুই বাহিনীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গতকালের সংঘর্ষে ছাত্রলীগের নেতা রবিউল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন। তবে তোফালের বাড়িতে অগ্নিসংযোগে তাঁর নাতি ফরহাদের মারা যাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেননি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, গৌতম সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি ‘নাছির বাহিনীর’ সদস্য। বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই দুই বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরেই রোববার রাতে দেওপাড়া গ্রামে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর একপর্যায়ে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
গৌতমের স্ত্রী শিউলী মজুমদার বলেন, রোববার দিবাগত রাত দুইটার দিকে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের ঘরের দরজা ভেঙে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। দুর্বৃত্তরা ২০ ভরি সোনা, দুই লাখ ৩০ হাজার টাকাসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ছাড়া তাঁর শ্বশুর ব্যবসায়ী মতিলাল মজুমদারকে ঘর থেকে তুলে নিয়ে যায়। তবে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে দেওপাড়া গ্রামের কাছে মতিলালকে ছেড়ে দিয়ে যায়। বাড়িতে হামলার আগে চন্দ্রগঞ্জ বাজারে গৌতমের সাতটি দোকানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।