লক্ষ্মীপুরে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামে ‘ওরসকে’ কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষে ছররা গুলিতে আহত হয়েছেন টুমচর গ্রামের মো. রুবেল, টুমচর মাদ্রাসার ছাত্র ইউসুফ আলী ও রাহিদ আল জিহাদ। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন সদর থানার ওসি আব্দুল্যাহ আল মামুন ভূঁইয়া, এসআই ওমর ফারুক, জাহাঙ্গীর আলম, পুলিশ সদস্য মো. ফিরোজ, শাহ আলম, আব্দুল কাদের, আবুল হাসেম ও শাহজাহান।
পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার টুমচর ইউনিয়নের হায়দার আলী মুন্সিবাড়িতে ওরস পালন করে আসছেন এক পীরের অনুসারীরা। ওরসের নামে অনৈতিক কাজ হচ্ছে—এ অভিযোগ তুলে স্থানীয় লোকজন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মিছিল নিয়ে ওই বাড়িতে হামলা চালান। এ সময় পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮০ থেকে ৯০ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয় বলে জানান লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই থেকে আড়াই শ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা হয়েছে।