লক্ষ্মীপুরে সওজের শত কোটি টাকার জমিতে অবৈধ স্থাপনা
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কমপক্ষে ১০০ কোটি টাকার জমি অবৈধভাবে দখল করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও প্রভাবশালীরা ওই জমিতে ভবণ নির্মাণ করে তা ভাড়া দিয়ে প্রতি মাসে কয়েক লাখ টাকা আয় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সওজের পক্ষ থেকে ২২ জুলাই নোটিশ দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে পূর্ব বাজার পর্যন্ত বর্তমান লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়ক ও বাজারের সড়কের দুই পাশে সওজের প্রায় ২০ একর জমি আছে। এই জমির আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। শতাধিক ব্যক্তি এসব জমি দখল করে দোকানপাট, বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেছেন। বর্তমানে বাজারে সড়কের জমি জবরদখল করে ওয়ান প্লাজা, করিমা সুপার মার্কেট, সোনালি শপিং কমপ্লেক্স, ডা. ছেলামত উল্যা শপিং কমপ্লেক্সসহ বেশ কয়েকটি মার্কেট নির্মাণ করা হচ্ছে। এই অবৈধ দখলদারের অনেকেই সওজের দুই রাস্তার মধ্যবর্তী খাসজমি একসনা ইজারা নিয়ে ধীরে ধীরে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভূমি কর্মকর্তা আ. রহিম চৌধুরী জানান, সওজের জমি সদর উপজেলার ভূমি অফিসের আওতাধীন নয়। তাই অবৈধ দখলদারদের বিরুদ্ধে তাঁরা কোনো ব্যবস্থা নেননি। চন্দ্রগঞ্জ বাজারের একটি ভবনের মালিক সাইদ আহম্মদ জানান, বাজারে তাঁর তিনটি ঘর রয়েছে। এগুলো তাঁর কেনা সম্পত্তি এবং কিছু সড়ক বিভাগের সম্পত্তিও রয়েছে। সওজের নোটিশ তিনিও পেয়েছেন। এর জবাব ওই অফিসে তিনি দাখিল করেছেন।শরিফা প্লাজার মালিক মো. মাহফুজ বলেন, ‘সওজের জমি আমাদের বিল্ডিংয়ে আছে কি না, তা আমার নলেজে নেই।’ জয়নাল মার্কেটের মালিক মো. শাহাজাহান জানান, সওজ অহেতুক ব্যবসায়ীদের হয়রানি করছে। চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, দোকানঘরের মালিকেরা ১ শতক, আধা শতক করে খাসজমি ইজারা নিয়ে ৩-৪ শতক জমির ওপর দোকানঘর নির্মাণ করছেন। অতিরিক্ত সম্পত্তিগুলো সওজের। সওজের লক্ষ্মীপুর কার্যালয়ের সার্ভেয়ার মো. আবুল খায়ের বলেন, ‘আমরা ১০০ দোকানমালিককে উচ্ছেদের নোটিশ দিয়েছি।’সওজের লক্ষ্মীপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউল হায়দার জানান, চন্দ্রগঞ্জ বাজারে অবৈধ ভূমি দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা কেউ কেউ এর জবাব দিয়েছেন। পরে সভা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি অন্যত্র বদলি হয়েছি। নবাগত কর্মকর্তা এ বিষয়ে ব্যবস্থা নেবে।’