লক্ষ্মীপুরে সন্ত্রাসী দুটি বাহিনীর গোলাগুলি
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে সন্ত্রাসী আলাউদ্দিন-বাচ্চু বাহিনীর সঙ্গে প্রতিপক্ষ রতন বাহিনীর (দলনেতা ইব্রাহিম হোসেন রতন) মধ্যে গোলাগুলি হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, গত সোমবার রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সিংবাহুড়া বাজার এলাকা থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু হানিফকে অপহরণ করে রতন বাহিনীর সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে বশিকপুর এলাকা থেকে চাটখিল থানা পুলিশ আবু হানিফকে উদ্ধার করে। এ সময় রতন বাহিনীর লোকজন পালিয়ে যায়। তবে বুধবার রাতে আলাউদ্দিন-বাচ্চু বাহিনীর ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী রতনের বাড়িতে হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়।
ইব্রাহিম হোসেন বলেন, ‘ইউপি সদস্য আবু হানিফের মদদে আলাউদ্দিন-বাচ্চু বাহিনীর লোকজন এ হামলা চালায়। তারা আমার বাড়ি ও মাছের খামারে লুটপাট এবং ভাঙচুর করে। পরে এলাকাবাসীর তাড়া খেয়ে পালায়। আলাউদ্দিন-বাচ্চু বাহিনীর লোকজন চাইছিল, আমারে সরায় দিয়া তারাই সবকিছু নিয়ন্ত্রণ করব।’
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের ধরার চেষ্টা চলছে। কয়েক মাস আগে রতনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতির বেশ কয়েকটি মামলা রয়েছে।