লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলি, চার পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রসহ আটক নুর উদ্দিন। ছবি: প্রথম আলো
অস্ত্রসহ আটক নুর উদ্দিন। ছবি: প্রথম আলো

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব রাজাপুর গ্রামে আজ শুক্রবার দুপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নুর উদ্দিন (২৬) নামের একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় অস্ত্রসহ নুর উদ্দিনের একটি ছবি প্রকাশিত হয়েছিল। তিনি সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের আবু তাহেরের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর উদ্দিনকে গ্রেপ্তার করার জন্য পুলিশ নিয়মিত অভিযান চালিয়েছে। আজ বেলা দুইটার দিকে নুর উদ্দিনসহ সাত-আটজন সন্ত্রাসী উপজেলার রাজাপুর গ্রামের ইউসুফ কোম্পানি বাড়ির সামনে অবস্থান নেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। সংঘর্ষের সময় পুলিশের এএসআই মো. সোহেল মিয়া এবং কনস্টেবল আরফান উদ্দিন, মো. সুমন ভূইয়া ও মো. সাহাব উদ্দিন আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ নুর উদ্দিনকে আটক করেছে।

৩১ মার্চ উপজেলা নির্বাচনের দিন লক্ষ্মীপুর সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের পেছনে অস্ত্রধারী কয়েকজনের এ ছবিটি তুলেন প্রথম আলোর ফটোসাংবাদিক সাজিদ হোসেন। আজ তাদের একজন নুর উদ্দিনকে (সর্ব বামে) গ্রেপ্তার করেছে পুলিশ।
৩১ মার্চ উপজেলা নির্বাচনের দিন লক্ষ্মীপুর সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের পেছনে অস্ত্রধারী কয়েকজনের এ ছবিটি তুলেন প্রথম আলোর ফটোসাংবাদিক সাজিদ হোসেন। আজ তাদের একজন নুর উদ্দিনকে (সর্ব বামে) গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) মো. রকিবুল হোসেন ও সোহেল মিয়ার নেতৃত্বে রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ নুর উদ্দিনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতি ঘটনায় দুটি মামলা করা হবে।

ওসি বলেন, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ছবির কারণেই নুর উদ্দিনকে আটক করা সম্ভব হয়েছে।

গত ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন কফিল উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে ব্যালটবাক্স ছিনতাই করার জন্য হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরদিন প্রথম আলোয় এ ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসীদের একটি ছবি প্রকাশিত হয়। এর পর থেকে ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলামের নির্দেশে পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়।