লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা আহত
লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকার নতুন পানির পাম্পের পাশে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। আহত আলমগীরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতাল এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।আহত আলমগীরের আত্মীয়স্বজন ও আওয়ামী লীগের নেতাদের দাবি, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁকে গুলি করে আহত করেছেন।অপরদিকে জেলা জামায়াতের সেক্রেটারি মফিজুল ইসলাম জানান, নিজেদের গুলিতে তিনি আহত হয়েছেন। এখন জামায়াত-শিবিরকে দায়ী করছেন।অপরদিকে ঘটনাস্থলে দায়িত্বরত শহর পুলিশ ফাঁড়ির টিএসআই আবদুল করিম ও সদর থানার এসআই এনামুল কামাল জানান, ভোর চারটা থেকে হরতালের দায়িত্ব পালন করছেন। তাঁরা কোনো গুলির শব্দ শোনেননি এবং কাউকে আহত হতেও দেখেননি। এ ছাড়া শহরে যুবলীগের নেতা-কর্মীরা সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করেছেন।