লক্ষ্মীপুরের রায়পুর শহরে গত বুধবার উপজেলা ভূমি অফিসের কানুনগো ম্রাগ্য মারমার ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার উপজেলার সরকারি কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠকর্মী জহিরুল আলম। বক্তারা ওই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। পরে তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) গোপাল চন্দ্র দাস জানান, কানুনগোর ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। এ ব্যাপারে তিনি থানায় মামলা করবেন।গত মঙ্গলবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ইসমাইল খোকন পরাজিত হন। নির্বাচনে সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল আওয়ালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে আওয়ামী লীগের কর্মীরা গত বুধবার সন্ধ্যায় শহরে মিছিল বের করেন। ওই মিছিল থেকে ডাকবাংলোর সামনে কানুনগো ম্রাগ্য মারমার ওপর হামলা চালানো হয়। তাঁকে কুপিয়ে আহত করা হয় এবং তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। সহকারী কমিশনার বলেন, ‘নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনে সুষ্ঠু পরিবেশের ব্যবস্থা ও নির্বাচনী আচরণবিধি রক্ষা করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছি।’