লক্ষ্মীপুরে সহযোগীর গুলিতে দুই ডাকাত নিহত, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় সহযোগীর গুলিতে অজ্ঞাত দুই ডাকাত নিহত হয়েছে। উপজেলার শ্যামগঞ্জে গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, ডাকাতির মালামাল ভাগ-বাটোয়ারা ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সহযোগী এক ডাকাতের গুলিতে অজ্ঞাতপরিচয় ওই দুই ডাকাত নিহত হয়। আহত অবস্থায় পালানোর সময় মিন্টু নামের অপর এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ডাকাতির কাজে ব্যবহূত কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানান, শ্যামগঞ্জের কাজী বাড়ি এলাকায় গতকাল ভোরে কয়েক রাউন্ড গুলির শব্দ ও শোরগোলে তাঁদের ঘুম ভেঙে যায়। এরপর এলাকাবাসী ও টহল পুলিশ রাস্তার ওপর একটি ও পার্শ্ববর্তী পুকুরে আরও একটি লাশ দেখতে পায়। আহত ডাকাত মিন্টু রিকশায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মীরগঞ্জ বাজারে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছারোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের বাড়ি জেলার রামগঞ্জ উপজেলায় বলে ধারণা করা হচ্ছে।