লক্ষ্মীপুরে সিভিল সার্জনসহ তিনজনকে ছাত্রলীগের মারধর!
লক্ষ্মীপুরের সিভিল সার্জন মো. শামছুল আশরাফ খানসহ তিনজনকে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সিভিল সার্জনের গাড়িও ভাঙচুর করা হয়। গতকাল সোমবার দুপুরে কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) লক্ষ্মীপুর জেলা সভাপতি চিকিৎসক মো. জাকির হোসেন ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী রাকিবুল হাসান।স্বাস্থ্যকর্মী নিয়োগে ছাত্রলীগের পছন্দসই লোক নিয়োগ না দেওয়ায় কমলনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওমর ফারুকের সমর্থকেরা এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিভিল সার্জন শামছুল আশরাফ খান দুপুরে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সভায় যোগ দিতে আসেন। এ সময় হাসপাতালের সামনে ছাত্রলীগের নেতা ওমর ফারুকের ২০-২৫ জন সমর্থক লাঠিসোঁটা নিয়ে সিভিল সার্জনকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। তাঁকে রক্ষা করতে গিয়ে চিকিৎসক জাকির ও রাকিবুল আহত হন। হামলাকারীরা পরে সিভিল সার্জনের গাড়িতে ভাঙচুর চালান। আহত তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান জানান, সিভিল সার্জনের অবস্থা গুরুতর। বিএমএ নেতা আহত জাকির হোসেন সাংবাদিকদের জানান, ছাত্রলীগের লোক কেন নিয়োগ দেওয়া হয়নি—এ বলেই সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। কমলনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওমর ফারুক দাবি করেন, ছাত্রলীগের কর্মীরা এ ঘটনায় জড়িত নন। সিভিল সার্জন টাকা নিয়ে চাকরি না দেওয়ায় ক্ষুব্ধ লোকজন এ হামলা চালায়। সিভিল সার্জন শামছুল আশরাফ খান জানান, টাকা নিয়ে কোনো লোক নিয়োগ দেওয়া হয়নি। তিনি যদি কোনো অন্যায় করেন তবে ভুক্তভোগীরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। কিন্তু এভাবে মারধর করতে পারেন না। হামলার ব্যাপারে পুলিশ সুপার মো. নজরুল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।