লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দুজন অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের আশকর ভূঁইয়ার বাড়িতে গত শনিবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে গৃহবধূ শাহিনুর বেগম ও রাহাত হোসেন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, মহিউদ্দিনের ঘরে রাতে গ্যাস সিলিন্ডারে রান্না চলছিল। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে ঘরে আগুন লেগে যায়। পরে আগুন মহিউদ্দিনের প্রতিবেশী খোরশেদ আলম ও আবদুর রহিমের ঘরে ছড়িয়ে পড়লে মালামাল পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস লক্ষ্মীপুরের স্টেশন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।