লক্ষ্মীপুরে সুইপারদের ধর্মঘট শহরে ময়লার স্তূপ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌরসভার ময়লার গাড়ি ভাঙচুর ও সুইপারদের ওপর হামলাকারী জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে পাঁচ দিন ধরে ধর্মঘট পালন করছেন পৌর এলাকার সুইপাররা। এতে করে শহরের বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে চরম অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। ময়লার গন্ধে দুর্ভোগে পড়েছে শহরের মানুষ।

পৌরসভার সচিব (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন জানান, নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গত রোববার জেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করে শহর শিবির। ওই দিন সকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় ময়লা বহনকারী পৌরসভার একটি পিকআপ ভাঙচুর ও সুইপারদের মারধর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে আরমান হোসেন, তারা, পারভেজ নামের তিনজন সুইপার আহত হন। এ ঘটনায় ওই দিন রাতে পিকআপের চালক হারুনুর রশীদ বাদী হয়ে সদর থানায় জামায়াত-শিবিরের অজ্ঞাতনামা ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় জড়িত নেতা-কর্মীরা গ্রেপ্তার না হওয়ায় পাঁচ দিন ধরে ধর্মঘট পালন করছেন পৌরসভার ৪৫ জন সুইপার। সুইপার আরমান হোসেন জানান, তাঁরা সুইপার, গাড়িতে ময়লা রয়েছে বলার পরও জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের এলোপাতাড়ি মারধর ও গাড়িটি ভাঙচুর করেন। তাঁদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরকারীদের গ্রেপ্তার এবং উপযুক্ত বিচার না হলে এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সরেজমিনে দেখা গেছে, শহরের উত্তর তেমুহনী, স্বর্ণকারপট্টি, থানা রোড, দক্ষিণ তেমুহনী, পৌর সুপার মার্কেট, কাঁচাবাজার, মাছ বাজার, মাংস বাজারসহ বেশ কয়েকটি স্থানে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে রয়েছে।

লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম জানান, পাঁচ দিন ধরে দোকানের সামনে ময়লা পড়ে থাকায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের জানান, পৌরসভার ময়লা বহনকারী ওই একটিমাত্র সচল গাড়িতে জামায়াত-শিবিরের কর্মীরা ভাঙচুর করায় গাড়িটির ক্ষতি হয়। পৌরবাসীর দুর্ভোগ মেটাতে কাজে ফেরার জন্য সুইপারদের অনুরোধ করা হলেও তাঁরা তাঁদের দাবিতে অনড় রয়েছেন। তবে সুইপারদের কাজে যোগদানের জন্য চেষ্টা করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, লক্ষ্মীপুর পৌরসভার গাড়ি ভাঙচুর ও সুইপারদের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।