লক্ষ্মীপুর সদর উপজেলায় বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় সুবিধাভোগী জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলেদের অভিযোগ, তালিকায় প্রকৃত জেলেদের পরিবর্তে ঠাঁই পেয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার, মেম্বারদের আত্মীয়স্বজন, রিকশাচালক, দিনমজুরসহ অন্য পেশার লোকজন। এ নিয়ে জেলেদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।উপজেলার চর রমণীমোহন ইউনিয়নের ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মো. শাহ আলম জানান, সংগঠনের ৫০০ জেলের মধ্যে সুবিধাভোগীদের আওতায় মাত্র ১০০ জনের নাম রয়েছে।শাহ আলম অভিযোগ করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবু ইউসুফসহ অন্য ইউপি সদস্যরা প্রকৃত জেলেদের নাম বাদ দিয়ে নিজেদের পরিচিত ও পছন্দমাফিক মানুষের নাম সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এমনকি ৫ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার জসিম উদ্দিনের নামও সুবিধাভোগী জেলেদের তালিকায় রয়েছে। যার নম্বর ১৪১৩। এ বিষয়ে কথা বলার জন্য জসিম উদ্দিনের মুঠোফোনে বারবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে। অপরদিকে জেলেদের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ। তাঁর দাবি, তালিকায় কিছু ভুলত্রুটি থাকলেও প্রকৃত জেলেদেরই নাম রয়েছে।জেলে না হয়েও তালিকায় নাম রয়েছে ৫ নম্বর ওয়ার্ডের সুলতান আহমেদ, নিজাম উদ্দিন এবং আনোয়ার হোসেনের। তিনজনই কৃষিকাজ করেন। কীভাবে সুবিধাভোগী জেলেদের তালিকায় নাম উঠেছে—এ বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করতে চাননি।চর রমণীমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি সাধারণ সম্পাদক জামাল রাড়ি জানান, তাঁদের সমিতিতে ২০ জন জেলে রয়েছেন। কিন্তু তিনিসহ কারও নামই সুবিধাভোগীদের তালিকায় নেই।অন্যদিকে সুবিধাভোগী জেলেরা ৩০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলে কাউকেই পরিমাণমতো চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চাল কম দেওয়ায় গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর হিমাগারের সামনে জেলেরা বিক্ষোভ করেন।চর রমণীমোহন ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. দুলাল অভিযোগ করেন, গতকাল লক্ষ্মীপুর হিমাগার থেকে চাল বিতরণের নির্ধারিত তারিখ ছিল। জেলেপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও অজ্ঞাত কারণে গড়ে ১০ থেকে ১২ কেজি চাল কম দেওয়া হয়েছে।চাল নিতে আসা একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হোসেন মাঝি জানান, তাঁকে ৩০ কেজির বদলে ২২ কেজি চাল দেওয়া হয়েছে। একই ওয়ার্ডের রহিমা খাতুন জানান, তিনি পেয়েছেন ২০ কেজি চাল।চর রমণীমোহন ইউপির চেয়ারম্যান আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘বস্তায় চাল কম ছিল। এর পরও প্রত্যেককে গড়ে ২৫ থেকে ২৮ কেজি চাল দেওয়া হয়েছে। আর সুবিধাভোগীদের তালিকা সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি মেম্বাররা করেছেন। এ কারণে কিছু ভুলত্রুটি হতে পারে।’লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন সুবিধাভোগী জেলেদের নামের তালিকায় ত্রুটি থাকার কথা স্বীকার করে বলেন, সমস্যা থাকায় এখনো জেলার কমলনগর উপজেলায় চাল বিতরণ কার্যক্রম শুরু করা যায়নি। তবে পরিমাণে চাল কম দেওয়ার বিষয়টি সঠিক নয় বলে তিনি জানান, বড়জোর দেড় থেকে দুই কেজি চাল কম দেওয়া হতে পারে। মার্চ-এপ্রিল দুই মাস মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলেদের পুনর্বাসন প্রকল্পের আওতায় চর রমণীমোহন ইউনিয়নের দুই হাজার ২৬০টি পরিবারকে প্রতিবার ৩০ কেজি করে মোট তিন কিস্তিতে চাল বিতরণ করা হচ্ছে। মার্চ মাসের শুরুতে প্রথম কিস্তির চাল দেওয়া হয়েছে। গতকাল দ্বিতীয় কিস্তির চাল দেওয়া হলো।