লক্ষ্মীপুরে সেলিম বাহিনীর প্রধান খুন?
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের সন্ত্রাসী সেলিম বাহিনীর প্রধান মো. সেলিম (৪৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, ২০ মে মো. সেলিম বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে অজ্ঞাতনামা দুটি লাশ উদ্ধার করা হয়। সেলিমের স্ত্রী বুলু আক্তার অজ্ঞাতনামা একটি লাশকে তাঁর স্বামী হিসেবে শনাক্ত করেন। প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে বুলু আক্তার জানান। গতকাল শনিবার বিকেলে তাঁর লাশ চট্টগ্রাম থেকে এনে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, সেলিম উত্তর জয়পুর গ্রামের মৃত আলী আহমদের ছেলে। ২০০১ সালে বিএনপি সরকারের আমলে সেলিম বাহিনীর উত্থান ঘটে। এ সময় তিনি এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী, অপহরণ, বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলতাফ হোসেন জানান, সেলিম চট্টগ্রামে নিহত হওয়ার কথা তিনি শুনেছেন।