লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে স্থানীয় এক বখাটে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভয়ে ওই ছাত্রী গতকাল মঙ্গলবার প্রাক্-নির্বাচনী পরীক্ষা দিতে পারেনি। জানা গেছে, ওই ছাত্রী গত রোববার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পথে মো. জুয়েল নামের এক বখাটে তার জামা ছিঁড়ে ফেলে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা অতিরিক্ত জেলা হাকিম ও স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেছেন।এ ঘটনায় গতকাল স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সভা ডাকা হয়। একপর্যায়ে জুয়েলের কিছু বন্ধু সেখানে গিয়ে ওই সভা ভণ্ডুল করে দেয়। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল খালেক বলেন, ‘সভা ডেকেও আমরা সভা করতে পারিনি।’ এদিকে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল স্কুলশিক্ষার্থীরা স্থানীয় শান্তিরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে বখাটেরা ওই মিছিলে হামলা চালায়। প্রধান শিক্ষক মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, মেয়েটি আজ (গতকাল) পরীক্ষা দিতে আসেনি।