লক্ষ্মীপুরে স্ত্রী ও যুবক হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী এলাকায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে। উপজেলার হোগলডহরী এলাকায় শ্বশুরবাড়িতে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহম্পতিবার এ দুটি ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত গৃহবধূ সেলিনা আক্তার সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দুর্গারামপুর এলাকার সিরাজ হোসেনের মেয়ে। শ্বশুরবাড়িতে নিহত মাসুদ আলম ভবানীগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
আজ শুক্রবার সকালে সদর থানার পুলিশ পৃথকভাবে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সেলিনার বাবা সিরাজ হোসেনের অভিযোগ, ‘আট মাসে আগে জাহাঙ্গীর আলমের সঙ্গে মেয়ে সেলিনার বিয়ে দিই। বিয়ের পর থেকে জাহাঙ্গীর যৌতুকের জন্য সব সময় আমার মেয়েকে মারধর করত। এর জের ধরে গতকাল সন্ধ্যায় তাঁকে বেদম মারধর করে সে। এতে আমার মেয়ে মারা যায়। পরে লাশ ঘরের খুঁটির সঙ্গে বেঁধে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।’
জাহাঙ্গীর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী তাঁকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন।
স্ত্রীকে হত্যা করার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘আমি তাকে হত্যা করিনি, শুধু দুটো থাপড় মেরেছি।’
মাসুদ আলমের বাবা আবদুল মালেক বলেন, ‘আমার ছেলে মাসুদ গতকাল (বৃহস্পতিবার) রাতে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে।’
মাসুদের বড় ভায়রা আলমগীর হোসেনের দাবি, ‘মাসুদ আত্মহত্যা করেছে। কেউ তাকে হত্যা করেনি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে ঘটনাগুলো হত্যা, না আত্মহত্যা।