লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্ত্রী রাশেদা আক্তার মুক্তাকে (২৩) হত্যার ঘটনায় স্বামী সুমন ওরফে লিটনের (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা সোয়া একটার দিকে জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এ রায় দেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুমন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পাতারিয়া পাড়ার বাচ্চু মিয়ার ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, সুমন ও মুক্তা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পরে তাঁদের বিয়ে হয়। তাঁদের সুবর্ণা নামে চার বছরের একটি মেয়ে আছে। ২০১৫ সালের ৯ মার্চ রাত চারটার দিকে স্ত্রী মুক্তাকে গলা কেটে হত্যা করে স্বামী পালিয়ে যান। পরে এ ঘটনায় নিহত নারীর ভাই আবদুর জাহের বাদী হয়ে ১০ মার্চ কমলনগর থানায় একটি হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি জসিম উদ্দিন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মো. সামছুদ্দিন।