লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকায় গত বৃহস্পতিবার হারুনুর রশিদ নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী মনোয়ারা বেগমকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে হারুনুর রশিদ পলাতক। গতকাল শুক্রবার মনোয়ারা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত গৃহবধূর ভাই শাহ আলম জানান, বিয়ের পর থেকে মনোয়ারাকে হারুনুর রশিদ যৌতুকের দাবিতে বিভিন্ন সময় মারধর করতেন। বৃহস্পতিবার রাতে হারুনুর রশিদের সঙ্গে মনোয়ারার ঝগড়া হয়। এর জের ধরে ঘটনার দিন রাতে মনোয়ারাকে মারধর করায় তিনি মারা যান।
এ ব্যাপারে কথা বলতে হারুনুর রশিদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) রকিব উল হোসেন জানান, নিজ ঘরের খাটে মনোয়ারার লাশ পাওয়া গেছে। তদন্ত চলছে। স্বামী পলাতক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।