লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে দোকানঘর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনীর সড়ক ও জনপথ বিভাগের ১০ কোটি টাকার সম্পত্তি গত শনিবার দখল করে দোকানঘর নির্মাণ করেছেন জেলা যুবলীগের নেতা-কর্মীরা। সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানায়, লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের উত্তর তেমুহনীস্থ ১০ শতক জমির ওপর জেলা যুবলীগের নেতা-কর্মীরা জোরপূর্বক দোকানঘর নির্মাণ করেছেন, যার বর্তমান বাজারমূল্য অন্তত ১০ কোটি টাকা।বাসস্ট্যান্ডের একাধিক দোকানদার ও স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহমঞ্চদ পাটওয়ারী, আলমগীর হোসেন, টিটুসহ ১০ জন ১০টি দোকানঘর তৈরি করেন। পরে খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন কর্মকর্তা রোববার ঘটনাস্থলে এসে দোকানঘর নির্মাণকাজে বাধা দেন।আলমগীর হোসেন বলেন, ‘আমরা পৌরসভা থেকে অনুমতি নিয়ে ঘর তুলেছি। এ ছাড়া সম্পত্তিটি সড়ক ও জনপথ বিভাগের। পরিত্যক্ত বিধায় এতে আমরা দোকানঘর নির্মাণ করেছি।’জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহমঞ্চদ পাটওয়ারী বলেন, ‘আমরা লক্ষ্মীপুর পৌরসভা সড়ক ও জনপথ থেকে জমিটি ইজারা নিয়েছি। তাই আমরা পৌরসভার ইজারা দেওয়া জমিতে ঘর উঠিয়েছি।’জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন জানান, যে দলের লোকই হোক, সরকারি সম্পত্তি দখল করা কোনোভাবেই ঠিক নয়।জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন বলেন, ‘আমি যেকোনো সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের বিরোধিতা করছি।’ লক্ষ্মীপুর সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দুটি দোকানঘর ভেঙে দিয়েছি। এর পরও যদি কেউ জোরপূর্বক দোকানঘর নির্মাণ করে, তা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মজিবুর রহমান মোল্লা সাংবাদিকদের জানান, ‘সড়ক ও জনপথের সম্পত্তিতে যুবলীগের নেতা-কর্মীরা অবৈধভাবে দোকানঘর নির্মাণ করছেন। ঘটনাস্থলে সড়ক ও জনপথের অফিসার পাঠিয়েছি। তাঁদের ঘর সরিয়ে নেওয়ার জন্য দুই দিনের সময় দেওয়া হয়েছে। না সরালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সড়ক ও জনপথের কোনো ভূমি লক্ষ্মীপুর পৌরসভাকে ইজারা দেওয়া হয়নি।