লক্ষ্মীপুর শহরের বাগবাড়ী আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-রায়পুর সড়কে বালুভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গত মঙ্গলবার এক কলেজছাত্র নিহত হন। এর প্রতিবাদে ক্ষুব্ধ জনতা পাঁচটি যানবাহন ভাঙচুর ও সড়ক অবরোধ করে।মনোয়ার হোসেন লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি সদর উপজেলার বাঞ্ছানগর গ্রামের বাগবাড়ী এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, মনোয়ার ও তাঁর এক বন্ধু মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর শহরে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন মনোয়ার ও তাঁর বন্ধুকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে মনোয়ারের মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। তারা ঢাকা-রায়পুর সড়কে তিনটি ট্রাক ও দুটি বাসে ভাঙচুর চালায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়েও ব্যর্থ হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার বলেন, ‘ট্রাকচালককে গ্রেপ্তার ও আলিয়া মাদ্রাসার সামনে গতিরোধক স্থাপন করার আশ্বাসে জনতা অবরোধ তুলে নেয়। রাতে ট্রাকচালক মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মামলা হয়েছে।’